দৈনিক খুলনা
The news is by your side.

উপকূলে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে মোংলায় বাদাবন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

11

মোংলা :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশগত সহনশীলতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন বাদাবন সংঘ

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাঁশতলা ব্রিজসংলগ্ন চর এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠন ধরা-এর কেন্দ্রীয় নেতা ও মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা জিয়ার শেখ, পরিবেশকর্মী মেহেদী হাসান, বাদাবন সংঘের নাজমিরা জুঁইনাঈম হাসান। কর্মসূচিতে স্থানীয় নারী মৎস্যজীবী, কমিউনিটির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে। পাশাপাশি সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ শাহাদাত হোসেন বলেন, উপকূলীয় পরিবেশ ও সুন্দরবন রক্ষায় বনায়নের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে পপি আক্তার বলেন, স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী মৎস্যজীবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুন্দরবন সংলগ্ন এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করা সম্ভব।

উল্লেখ্য, যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office (FCDO)-এর সহায়তায় OCEAN Community Fund-এর অর্থায়নে পরিচালিত “Mangrove Restoration” প্রকল্পের আওতায় বাদাবন সংঘ এ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।