দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় নারীর ঘর থেকে জামায়াত কর্মী আটক

26

সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘর থেকে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতের এক কর্মীকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলামের সঙ্গে ওই নারীর ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলেন। পরে তারা ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এরপর শরিফুল ইসলামকে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী তাকে আটক করে রাখে। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন কর্মী। ঘটনার বিষয়ে তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।