সাতক্ষীরা :
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি পার্শ্ববর্তী স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের ভেতরে এখনো ঘন ধোঁয়া থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহত বা আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন লাগার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহত রোগীদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানা পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালের ভেতরে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। উদ্ধারকর্মীরা ভেতরে তল্লাশি চালিয়ে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সাইফুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি স্থানীয় ইউনিট এবং অতিরিক্ত দুটি ইউনিট অংশ নেয়। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সার্চ ও রেসকিউ কার্যক্রম চলছে। এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য জানানো সম্ভব হয়নি।”
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।