দৈনিক খুলনা
The news is by your side.

কয়রা-পাইকগাছাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি এমপি ফাহমিদা হকের

13

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, সরকার জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং দেশের উন্নয়নের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া মাদক, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধের অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

ফাহমিদা হক বলেন, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত কয়রা ও পাইকগাছাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাসযোগ্য অঞ্চলে পরিণত করতে তিনি কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্তের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ছোটখাটো অপরাধী নয়, মাদক ব্যবসার মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, সরকারি খাল দখলমুক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে সব খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে যেই অপরাধে জড়িত থাকুক না কেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ফাহমিদা হক।