দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন

23

সাতক্ষীরা :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে আগুন নিয়ন্ত্রণে এলেও অ্যাম্বুলেন্সসহ গ্যারেজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের পশ্চিম পাশের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে সাতক্ষীরা সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) জানান, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটি দাউদাউ করে জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত থাকায় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডারের উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরন বিবেচনা করে পানির পরিবর্তে বিশেষ ধরনের ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স, এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং ঢাকা মেট্রো-ছ ৭১-৩০০ নম্বরের অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গ্যারেজ ভবনেরও আংশিক কাঠামোগত ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।