দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে যশোরের শ্রমিক নিহত

23

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মাদরাসা ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার কোতোয়ালী থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত শ্রমিক মমিনুর রহমান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় বাইরের দিকের মাটির চাপের কারণে হঠাৎ দেয়াল ধসে পড়ে। দুই শ্রমিক কোনোভাবে বের হতে সক্ষম হলেও আতিয়ার রহমান দেয়ালের নিচে চাপা পড়ে পানির মধ্যে আটকে যান। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে কাদাপানির মধ্যে সেপটিক ট্যাংক নির্মাণকাজ চলছিল। কাজের একপর্যায়ে ট্যাংকের এক পাশের দেয়াল ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে আতিয়ার রহমান নিহত হন এবং অপর দুই শ্রমিক আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে মেসার্স ওসমান আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫ সালের ১১ নভেম্বর ১ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে গুলিশাখালী ফাজিল মাদরাসার ভবন নির্মাণকাজ শুরু করে। ভবনের মূল কাজ শেষ হওয়ার পর সম্প্রতি শ্রমিকরা সেপটিক ট্যাংক নির্মাণের কাজ শুরু করেছিলেন। এ সময়ই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।