কেশবপুর :
এফসিডিও (FCDO)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় কেশবপুর নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে দাশ সম্প্রদায়ের প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতকরণে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা দাসপাড়ায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “বৈষম্যহীন সমাজ গড়ি, নারীর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ওয়েভ সমন্বয়কারী নাজমা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মকবুল হোসেন মুকুল।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য প্রভাত কুমার কুণ্ডু। এছাড়া বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য সুপ্রভাত কুমার বসু এবং ওয়াইপিএজি সদস্য রাজিয়া সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মো. মনসুর আলী।
বক্তারা বলেন, দাশ সম্প্রদায়ের নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা, শিক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং বৈষম্যহীন ও টেকসই সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তারা ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসনেয়ারা পারভিন ঝরনা, নিলুফা ইয়াসমিন, ওয়েভ সদস্য রিনা দাশ, মনি দাশ, মালতি রাজি দাশ, জয়দেব দাশসহ দাশ সম্প্রদায়ের নারী সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি, শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা কেশবপুর উপজেলায় দাশ সম্প্রদায়সহ সকল প্রান্তিক নারীর জন্য বৈষম্যহীন, নিরাপদ ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।