দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে চুরি হওয়া ১১ গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩

23

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া ১১টি ছোট-বড় গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত ৩টা ৪০ মিনিটে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

পুলিশ জানায়, ফকিরহাট থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার তদন্তে ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গরু পরিবহনে ব্যবহৃত খুলনা মেট্রো-ন-১১-২০২২ নম্বরের একটি পিকআপ উদ্ধার করে ডিবি পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি গোয়ালঘর থেকে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করা হয়। এ সময় চোরাই গরু সংরক্ষণের অভিযোগে আরিফ মোল্লা (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাঘাত গ্রামের ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লা (৩৮)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান শেখের বিরুদ্ধে হত্যা, সঙ্গোপনে গৃহে প্রবেশ, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ ছয়টি নিয়মিত মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চোরাই মাল গ্রহণ ও চুরির অভিযোগে তিনটি মামলা রয়েছে। আরিফ মোল্লার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণ ও মারামারির অভিযোগে দুটি মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ফকিরহাটের গরু চুরির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। চক্রটির সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া গরু ও পরিবহনে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।