দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস পিসি রায়ের নামে করার দাবি

26

পাইকগাছা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছায় অবস্থিত দ্বিতীয় ক্যাম্পাসটি জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পিসি রায়) নামে নামকরণের দাবি জানিয়েছে স্যার পিসি রায় স্মৃতি সংসদ।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন, বিজ্ঞানী পিসি রায় শুধু বাংলাদেশের গর্ব নন, তিনি বিশ্বনন্দিত বিজ্ঞানী ছিলেন। তার স্মৃতি সংরক্ষণ এবং জীবনাদর্শ তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসটি পিসি রায়ের নামে নামকরণ করা প্রয়োজন।

এ সময় স্মৃতি সংসদের পক্ষ থেকে পিসি রায়ের বসতবাড়ি সংস্কার, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম ও রেস্ট হাউস নির্মাণসহ সেখানে আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়। পাশাপাশি বিজ্ঞানীর জীবন ও কর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

মতবিনিময় সভায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপজেলার রাড়ুলীতে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণ এবং ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউশনকে ডিগ্রি কলেজে রূপান্তর ও জাতীয়করণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজ, তানভীর আহমেদসহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। অবিবাহিত এই বিজ্ঞানী জীবনের অর্জিত সম্পদের বড় অংশ মানবকল্যাণে ব্যয় ও দান করে গেছেন।

প্রতি বছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী সরকারি আয়োজনে পালিত হয়ে আসছে।