দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে শিশু অধিকার নিশ্চিতকরণে প্রশিক্ষণ

28

মোংলা :

মোংলায় ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে শিশুদের অধিকার নিশ্চিত করতে অংশীজনদের অবহিতকরণ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মোংলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কোডেক অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং শিশু সুরক্ষা সুপারভাইজার মো. মোতালেব শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, ইমাম ও খতিব মাহমুদল হাসান, মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার লিলি ও দুলালি সরদারসহ অন্যরা।

প্রশিক্ষণে শিশুদের অধিকার নিশ্চিতকরণে ধর্মীয় মূল্যবোধের ইতিবাচক ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং শিশু নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগই শিশুদের জন্য নিরাপদ ও অধিকারভিত্তিক পরিবেশ গড়ে তুলতে পারে। এ ধরনের প্রশিক্ষণ শিশু অধিকার বাস্তবায়নে ধর্মীয় নেতা ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও কার্যকর ভূমিকা পালনে সহায়তা করবে।

তারা বলেন, শিশুদের অধিকার রক্ষায় শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। আইন বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। শিশুদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য, নির্যাতন ও অবহেলা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি ও সহযোগিতামূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।