দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতার প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

8

ঢাকা :

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউনেস্কোর অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বয়নশিল্প অন্তর্ভুক্তিকে দুই পক্ষের অংশীদারত্বের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যুব ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), ভাষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ক্ষেত্রে ইউনেস্কোর সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া সুবিধাজনক সময়ে ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাতে ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।