দৈনিক খুলনা
The news is by your side.

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

18

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) চালানো এসব হামলা রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। হামলার পর নিজেদের আকাশসীমার নিরাপত্তায় যুদ্ধবিমান মোতায়েন করেছে প্রতিবেশী পোল্যান্ড।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, শহরের কয়েকটি অনাবাসিক স্থাপনায় আগুন ধরে যায়।

জরুরি পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, কিয়েভে হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দনিপ্রোপেত্রভস্ক ও পোলতাভা অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে।

জেলেনস্কির নিজ শহরেও ক্ষেপণাস্ত্র হামলা

মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ ও ১২ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাশিয়ার ছোড়া ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

লভিভে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, আহত ১৫

পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আকাশসীমায় সতর্ক পোল্যান্ড

রাশিয়ার হামলার পর ইউক্রেনের প্রতিবেশী ও ন্যাটোর সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তায় যুদ্ধবিমান এবং একটি আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করেছে।

পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারিও সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব পদক্ষেপ ছিল পূর্ব সতর্কতামূলক।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পেনজা অঞ্চলে ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। অঞ্চলটির গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, হামলায় একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের প্রায় এক ডজন গুদাম ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির মোট সংরক্ষণ সক্ষমতার প্রায় ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এসব হামলার প্রভাব প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ছোট ব্যবসাগুলোর ওপরও পড়েছে।

ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও তেল শোধনাগারেও হামলা চালিয়ে আসছে। পাল্টাপাল্টি হামলার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।