খুলনা :
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) আন্তঃবিভাগীয় অনলাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, আন্তঃবিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করার পাশাপাশি নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকশিত হয়।
সম্প্রতি আয়োজিত অনলাইন বুস্টিং প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশ-বিদেশে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী আইএসএলএম বিভাগের হাতে পুরস্কার হিসেবে একটি কম্পিউটার মনিটর তুলে দেন।
আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আইএসএলএম বিভাগের শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিযোগিতায় বিশেষ ভূমিকা রাখায় আইএসএলএম বিভাগের চারটি প্রতিনিধি দলকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।