দৈনিক খুলনা
The news is by your side.

লিঙ্গ সমতা ও উন্নয়ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

11

খুলনা:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লিঙ্গ সমতা, মানবাধিকার ও অধিকারভিত্তিক সেবা প্রদানে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস)-এর উদ্যোগে মঙ্গলবার খুলনার বিএডব্লিউসিসিআই মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি সুইজারল্যান্ড ও কানাডার অর্থায়নে অপরাজেয় বাংলাদেশ কনসোর্টিয়ামের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’-এর ‘পারায়ণ (অন্তর্ভুক্তিকরণ)’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে মাসাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ মোস্তফা, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাজিয়া আফরিন সিদ্দিকী, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সোনাডাঙ্গা ও সদর থানার শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা এবং খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু। পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মানবাধিকার, নারীর অধিকার, সরকারি সেবার কার্যকর সমন্বয় এবং অধিকারভিত্তিক সেবা নিশ্চিতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গসমতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, উন্নয়নে জেন্ডার সমতার গুরুত্ব, নারী অধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অংশীজনদের ভূমিকা, করণীয় এবং অঙ্গীকার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশীজনদের মধ্যে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে, যা জনসেবার মানোন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।