মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তামিম মেডিকেল ও তাজ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনায় জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক এবং মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক জানান, অভিযানে ফার্মেসি দুটির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেফ্রিজারেটর না থাকা এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা ও জনস্বার্থ বিবেচনায় দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।