“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ হোক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শিশু হাসপাতাল সড়কে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোরেলগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সরকারের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার অংশ হিসেবে মোরেলগঞ্জ পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এতে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।