খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হল ক্যানটিনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মারমুখী আচরণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তার স্ত্রীকেও আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাতের দিকে হলের গণরুম-সংলগ্ন ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী সহপাঠীদের জানান। খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন।
পরে শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের অবহিত করলে হলের ক্যানটিনে কর্মরত ইমাম হাসান ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে হল প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত ইমাম হাসান শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি গোপনে ছাত্রীদের ছবি ও ভিডিও ধারণ করতেন। তাকে আটকের পর তার স্ত্রী ঘটনাস্থলে এসে মারমুখী আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ কারণে তাকেও আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।