দৈনিক খুলনা
The news is by your side.

ঘাটতি নিয়েই বেনাপোল কাস্টমসের ১০,৫৮৮ কোটি টাকার রাজস্ব লক্ষ্য

26

বেনাপোল :

গত ২০২৫–২৬ অর্থবছরে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতির বোঝা মাথায় নিয়েই নতুন ২০২৬–২৭ অর্থবছরের জন্য বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৭০২ কোটি টাকা কম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের জন্য সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। তবে অর্থবছর শেষে আদায় হয় মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়। একই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন কমে যায়।

রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি এবং আমদানি কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরের জন্য অপেক্ষাকৃত বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

নতুন অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদ ব্যক্ত করেছেন কাস্টমস কর্মকর্তারা। তবে ব্যবসায়ীদের মতে, বৈধ আমদানি বাণিজ্য সম্প্রসারণ, দ্রুত পণ্য খালাস, অপ্রয়োজনীয় বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহার এবং পাচার ও রাজস্ব ফাঁকি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ছয় মাসে বেনাপোল কাস্টমসে শতাধিক জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া গত মাসে প্রায় ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে দায়ের হওয়া চারটি মামলায় কাস্টমস, বন্দর, নিরাপত্তা সংস্থা ও ব্যবসায়ীসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমদানি কার্যক্রম বৃদ্ধি, বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত এবং পাচার, আন্ডার-ইনভয়েসিংসহ সব ধরনের অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমস কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা আদায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।