দৈনিক খুলনা
The news is by your side.

খুবির আইন ডিসিপ্লিনে জাতীয় সেমিনার

30

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের যৌথ উদ্যোগে বুধবার (২২ জুলাই) “Constitutional and Legal Reforms as Guarantees of Non-Recurrence in Transitional Justice” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। উদ্বোধনী বক্তব্য দেন ওএইচসিএইচআর বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন আইন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।

সেমিনারের কী-নোট স্পিকার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনগণের কাছে।

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ বলেন, জাতিগঠনে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব আরও শক্তিশালী হতে হবে, যার উজ্জ্বল দৃষ্টান্ত চব্বিশের গণঅভ্যুত্থানে দেখা গেছে।

বক্তারা বলেন, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতার সমন্বয়ে কার্যকর সংস্কার উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

উদ্বোধনী অধিবেশনের পর “Guarantees of Non-Recurrence in Transitional Justice in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি “Corruption and Anti-corruption in Bangladesh: Opportunities and Challenges of Enduring Legal and Institutional Change” বিষয়ে আলোচনা করেন।

অপর কী-নোট সেশনে “Preparing the Legal Framework for National Healing” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ আহমেদ।

সেমিনারের প্রথম একাডেমিক সেশনে ওএইচসিএইচআর বাংলাদেশের সহকারী মানবাধিকার কর্মকর্তা সাইমা করিম শানন “International & Comparative Standards on Non-Recurrence” বিষয়ে আলোচনা করেন। তিনি দক্ষিণ আফ্রিকা, নেপাল, কলম্বিয়া ও তিউনিসিয়ার অভিজ্ঞতার আলোকে ট্রানজিশনাল জাস্টিসে পুনরাবৃত্তি রোধে জাতিসংঘের মানদণ্ড ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া “Youth, Justice and Institutional Reform” বিষয়ক ইন্টারঅ্যাকটিভ স্টুডেন্ট ডায়ালগে শিক্ষার্থীরা বিচারব্যবস্থা, সাংবিধানিক সংস্কার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বিষয়ে মতামত তুলে ধরেন। অধিবেশনটি পরিচালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এহসান মাজিদ মুস্তাফা। পরে সমাপনী অধিবেশনে শিক্ষার্থীদের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৌরভ ঘোষ ও সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। দিনব্যাপী আয়োজিত এ জাতীয় সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।