ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দিরে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর থেকে উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের প্রায় ২০০ বছরের পুরোনো আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দির, মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির এবং ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। এতে নানা বয়সী অসংখ্য ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।
আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দির থেকে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ হাজার হাজার ভক্ত রশি টেনে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একইভাবে মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির এবং ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রথযাত্রা উৎসবে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।