কেশবপুর :
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক অনন্য প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে মানবিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুন। তিনি বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মিশকাতুল ইসলাম বলেন, জুলাই শহিদরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহিদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, জুলাই আন্দোলনের শহিদরা মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্নের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জুলাই যোদ্ধা সম্রাট হোসেন, মিরাজ হোসেন বিশ্বাস, তাহমিদ আহম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।