দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় জমি বিরোধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ

28
বটিয়াঘাটা :

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুটিমারী গ্রামে আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগকারী ছালমা বেগম ও মো. জামাল (পিতা– সোরাফ ব্যাপারী) জানান, জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ মো. কামাল ব্যাপারী, মো. কামরুল ব্যাপারী (পিতা– সোহরাব ব্যাপারী) এবং মো. সোহরাব ব্যাপারী (পিতা– মৃত রহমান ব্যাপারী) আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে পাকাবাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

তাদের অভিযোগ, প্রতিদিন গভীর রাতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বাড়ির আশপাশে ঘোরাফেরা করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী পরিবার আদালতের নির্দেশনা বাস্তবায়ন, নির্মাণকাজ বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. কামাল ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি নিয়ে আদালতে করা অভিযোগ খারিজ হয়েছে। জমিটি আমাদের নিজস্ব মালিকানাধীন। তাই আমরা আইনগতভাবেই নির্মাণকাজ করছি।” তিনি আরও জানান, তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এবং বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

উল্লেখ্য, জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করছে। বিষয়টি বর্তমানে আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের বিবেচনাধীন রয়েছে। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত সিদ্ধান্তই চূড়ান্ত হবে।