খুলনা :
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। রানার-আপ হয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় খুলনা সিটি বাইপাস রোডের টার্ফ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৩-০ গোলে বিবিএ বিভাগকে পরাজিত করে ইংরেজি বিভাগ শিরোপা জয় করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ মোঃ শাহিদ শেখ এবং ম্যান অব দ্য ম্যাচ মোঃ আহাদুল ইসলামকে মেডেল পরিয়ে সম্মানিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করে। খেলাধুলা জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করে, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, ইইই বিভাগের প্রধান ড. মোঃ মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র নাথ মহলাদার, বিএ বিভাগের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান ফারজানা শারমিন আনিকা, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে একই মাঠে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে সিএসই বিভাগের প্রভাষক ইমরান রহমান ইফতি-এর একমাত্র গোলে শিক্ষক দল ১-০ ব্যবধানে জয়লাভ করে।