ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে ০ থেকে ৩ বছর বয়সী শিশুদের প্রারম্ভিক যত্ন ও বিকাশ (ইসিডি) সেবাদান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাটের সিভিল সার্জন এস. এম. মাহবুবুল আলম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র সঞ্চালনা করেন। এসময় বক্তব্য রাখেন কনসালটেন্ট ডা. মনোজ কুমার মালাকার, মেডিকেল অফিসার ডা. আমিন উদ্দিন, ডা. সাজিয়া ইসলাম উর্মি এবং ইউনিসেফের ডা. শাহানাজ বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিশুর জীবনের প্রথম আট বছর তার শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে জন্ম থেকে প্রথম তিন বছর শিশুর মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত ঘটে। তাই এ সময়ে শিশুর সঠিক পুষ্টি, পরিচর্যা, স্বাস্থ্যসেবা এবং মানসিক বিকাশ নিশ্চিত করা জরুরি। প্রারম্ভিক শৈশবে যথাযথ যত্ন ও বিকাশ নিশ্চিত করা গেলে শিশুর ভবিষ্যৎ জীবন আরও সুস্থ, দক্ষ ও সম্ভাবনাময় হয়ে ওঠে।
প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।