দৈনিক খুলনা
The news is by your side.

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘গোমতি’

29

মোংলা :

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনদিন ধরে নিখোঁজ থাকা ছয় জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা গোমতি। গভীর সমুদ্রে চলমান এ উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

মোংলা নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ও মাঝিমাল্লা ছিলেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ছয়জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নৌবাহিনীর জাহাজ বানৌজা গোমতি গভীর সমুদ্রে নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী সমুদ্র পরিস্থিতির মধ্যেও অভিযান নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, নিখোঁজ ছয় জেলেই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা। তাদের দ্রুত উদ্ধারের আশায় স্বজনরা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।