দৈনিক খুলনা
The news is by your side.

চার দশকের শিক্ষকতা শেষে শরীফ মোস্তফা কামালের বিদায়

20

মোংলা :

বাগেরহাটের মোংলায় বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরীফ মোস্তফা কামাল-এর অবসর উপলক্ষে জাঁকজমকপূর্ণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ বাওয়ালী। প্রধান অতিথি ছিলেন দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসমোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষককে ফুলের মালা পরিয়ে সম্মাননা জানান। পরে আমন্ত্রিত অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শরীফ মোস্তফা কামাল শুধু একজন শিক্ষক নন, তিনি এলাকার একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তিত্ব। শিক্ষকতার পাশাপাশি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে আরও বলা হয়, তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিদায় অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

সবশেষে আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষক শরীফ মোস্তফা কামাল-কে বিদায় জানান।