দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

77

খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক: সামাজিক-রাজনৈতিক সংবেদ’ শীর্ষক গবেষণা প্রকল্পের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকেন্দ্রিক গবেষণাকেও সমান গুরুত্ব দিতে হবে। গবেষণার মাধ্যমে শিল্প-সংস্কৃতির শেকড়ের তথ্য-উপাত্ত উদ্ঘাটনের পাশাপাশি মাল্টিডিসিপ্লিনারি গবেষণারও ব্যাপক সুযোগ রয়েছে। গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও সমাজের কল্যাণে নতুন জ্ঞান সৃষ্টি এবং তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক, সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপটকে গবেষণার মাধ্যমে নতুনভাবে তুলে ধরার এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের গবেষণায় আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. দুলাল হোসেন।

গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের গবেষক প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম। তিনি তাঁর উপস্থাপনায় নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক সংবেদ ও প্রেক্ষাপটের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন।

রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিষয়-বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. আবুল ফজল এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাকিলা আলম।

সেমিনারে বাংলা ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।