দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় চাঁদা না পেয়ে ৩৭ লাখ টাকার গাড়িতে আগুন, আটক ৩

28

মোংলা :

বাগেরহাটের মোংলায় চাঁদা না পেয়ে একটি প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের (৪৬) কাছে দীর্ঘদিন ধরে একই এলাকার মো. কামরুল (৫৩), সোহাগ (৩৫), নাজির শেখ (৪০) ও জুয়েল (২৮) ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে গাড়ি নিয়ে চলাচলে বাধা দেওয়ারও হুমকি দেওয়া হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২০ জুন দিবাগত রাত পৌনে ৪টার দিকে ব্যবসায়ী ওহিদুজ্জামানের বাড়ির গ্যারেজে থাকা প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের হাইব্রিড প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়িটির ডান পাশের পেছনের অংশ পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় ৪ জুলাই রাতে মোংলা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওহিদুজ্জামান। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কামরুল, সোহাগ ও নাজির শেখকে গ্রেপ্তার করে। অপর আসামি জুয়েল পলাতক রয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গাড়িতে আগুন দেওয়ার মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।