দৈনিক খুলনা
The news is by your side.

বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের বেহাল সড়ক

32

সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের প্রধান সড়কগুলোর বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বড় বড় গর্তে জমে থাকছে ময়লা পানি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

প্রতিদিন এই বাজারে হাজারো মানুষের সমাগম এবং শত শত যানবাহনের চলাচল হয়। সরকারের রাজস্ব খাতেও বাজারটি থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আসে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বাজারের সড়কগুলোর দীর্ঘদিনের বেহাল অবস্থা সংশ্লিষ্টদের উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বাজারের খেয়াঘাট, সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা, ঐতিহাসিক ডাকবাংলো ভবনসংলগ্ন সড়ক, গরুর হাট রোড ও মাছ বাজার রোডের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানি জমে থাকায় ক্রেতাদের বাজারে আসতে অসুবিধা হয় এবং ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হয়। ভারী যানবাহন চলাচলের সময় গর্তে আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন করুণ অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও ছোট যানবাহনের চালকদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, পাটকেলঘাটা বাজার শুধু তালা উপজেলার নয়, পুরো সাতক্ষীরা জেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। তাই দ্রুত সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ছবির ক্যাপশন: পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা ও ডাকবাংলো সড়কের বেহাল চিত্র; সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বড় বড় খানাখন্দ।