“নির্বাচনী পরিবেশ নষ্টে অপপ্রচারের প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন”
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থী, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ারকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় শিবপুর-বাদুরগাছা এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দিয়ে মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার বলেন, তিনি এলাকার একজন সেবক হিসেবে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাকে নিয়ে যে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, কারও প্রতি তার ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম সাবু। এছাড়াও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান গাজী, কবীর শেখ, নূর মোহাম্মদ, রবিউল শেখ, তৈয়ব আলী, নাছির শেখ, মোহাম্মদ সাব্বির হোসেন, মাসুম হাওলাদার, মোস্তাফিজুর রহমান, ফারজানা আক্তার বিথী, নাদিরা খাতুন, মুক্তা বেগম, খাদিজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, মানবিক, শিক্ষা ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।