দৈনিক খুলনা
The news is by your side.

পশ্চিম বানিয়াখামার মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

19

পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন জাতীয় ও বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি, ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি এবং নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

এ বছর ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষায় দেশসেরা স্থান অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে ৭২ জন এবং সাধারণ গ্রেডে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এছাড়া নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান অর্জনের পাশাপাশি ৪৩ জন শিক্ষার্থী এ+ পায়। মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের একজন শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবু মোড়ল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, এম. এ. সবুর, সেলিম আহমেদ, জিল্লুর রহমান, অ্যাডভোকেট সেলিম আল আজাদ, শামীম আহমেদ, সেখ জামাল উদ্দিন, আলহাজ রফিকুল ইসলামসহ পরিচালনা কমিটির সদস্যরা।

স্বাগত বক্তব্যে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান শিক্ষার্থীদের সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া হিফজুল কুরআন সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।