দৈনিক খুলনা
The news is by your side.

মাগুরায় সঞ্জীবন প্রকল্প ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার

20

মাগুরা:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিপিএম, পিভিএমএস ২৪ জুন ২০২৬ তারিখে মাগুরা জেলার শালিখা উপজেলার সঞ্জীবন কেন্দ্র এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, সদস্যদের অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

মতবিনিময় সভায় রেঞ্জ কমান্ডার বলেন, “সঞ্জীবন প্রকল্পটি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনার ফসল। এই প্রকল্প সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এটি একটি সফল উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি মহাপরিচালকের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

পরে রেঞ্জ কমান্ডার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সদর শাখা, মাগুরা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লাখ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নেও এ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান, ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া রেঞ্জ কমান্ডার মাগুরা জেলা কার্যালয়ের প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্থাপনার সার্বিক ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি এবং নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেঞ্জ কমান্ডারের এ পরিদর্শন মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সদস্য-সদস্যাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।