খুলনা :
জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দসহ ২১ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে গবেষণা সংস্থা ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। একইসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও অনুলিপি পাঠানো হয়েছে।
ডিআরডিএফের সভাপতি ও গবেষক মীর মোহাম্মদ আলী এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং বাস্তুচ্যুতি উপকূলীয় অঞ্চলে বড় সংকট তৈরি করেছে।
স্মারকলিপিতে উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানানো হয়।
গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, উপকূলের সংকট এখন শুধু দুর্যোগের বিষয় নয়; এটি খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীবিকা ও জাতীয় অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ সময়ের দাবি।