বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৮০০ কৃষকের মাঝে নারকেল গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫টি করে নারকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো জৈব সার এবং একটি বাঁশের খুঁটি প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।