দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় ২৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

36
পাইকগাছা :

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৪১টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, কোনো শিশু যাতে এই কর্মসূচি থেকে বাদ না যায়, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ##