দৈনিক খুলনা
The news is by your side.

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে ৭ কোটি ৫২ লাখ টাকার গবেষণা অনুদান

21
ঢাকা :

দেশের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিষয়ক গবেষণাকে আরও গতিশীল করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ৫৩৯ জন রেসিডেন্ট শিক্ষার্থীকে থিসিস গ্র্যান্ট (গবেষণা অনুদান) প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা অনুদান বিতরণ করা হয়।

এ বছর নির্বাচিত রেসিডেন্টদের মধ্যে মোট ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই থিসিস গ্র্যান্ট রেসিডেন্টদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণায় যুক্ত হওয়ার পথ সুগম করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, এবার বিশ্ববিদ্যালয়ের সব রেসিডেন্টকে এই থিসিস গ্র্যান্টের আওতায় আনা হয়েছে। গবেষণা অনুদানকে কাজে লাগিয়ে চিকিৎসাসেবার মানোন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর উপ-রেজিস্ট্রার ও থিসিস গ্র্যান্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর কোষাধ্যক্ষ ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন ডা. শামীম আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী এবং পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা

বক্তারা বলেন, গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ও সেবার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ##