দৈনিক খুলনা
The news is by your side.

নিয়োগ কার্যক্রমে বাধা দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

27

ঢাকা :

মামলা করে শিক্ষক নিয়োগ কার্যক্রম আটকে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পিটিআইয়ের ৯ মাসের প্রশিক্ষণ, পিএসসির ব্যাকলগ এবং এনটিআরসিএর শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে মামলা করে স্থবিরতা সৃষ্টি করা হচ্ছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও আদালতে মামলা করে তাদের নিয়োগ আটকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “একটি গ্রুপ ও অ্যাসোসিয়েশনের কিছু ব্যক্তি এসব মামলার সঙ্গে জড়িত। আমরা তাদের চিহ্নিত করছি।”

এহছানুল হক মিলন আরও বলেন, “যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। সরকারও তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

নকল প্রতিরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত অর্থে নকলের ঘটনা কমলেও এর ধরন পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, “নকল এখন আগের মতো নেই। তবে এর রূপ বদলেছে, করোনার ভ্যারিয়েন্ট পরিবর্তনের মতো। এ কারণেই ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। মন্ত্রিসভায় এটি অনুমোদন পেয়েছে, এখন সংসদে পাস হবে।”

তিনি আশা প্রকাশ করেন, নতুন আইন কার্যকর হলে পাবলিক পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনের প্রবণতা আরও কমে আসবে। ##