দৈনিক খুলনা
The news is by your side.

মেসি ভক্তদের উদ্যোগে আর্জেন্টিনার রঙে রাঙানো হলো ব্রিজ

24
সাতক্ষীরা  :

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামে আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটিয়েছেন স্থানীয় সমর্থকরা। নিজেদের উদ্যোগে গ্রামের একটি ব্রিজ ও বিদ্যালয়ের দেয়াল আর্জেন্টিনার পতাকার নীল-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, গ্রামের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপজয়ী মেসির স্মৃতিকে ধরে রাখতে এবং দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তারা এ উদ্যোগ গ্রহণ করেন। কিশোর-যুবকদের পাশাপাশি গ্রামের বয়স্করাও এতে সহযোগিতা করেছেন।

উদ্যোক্তারা জানান, নিজেদের হাতখরচের টাকা ও গ্রামবাসীর সহায়তায় ব্রিজ, দেয়াল ও বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা টানানো হয়েছে। এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অন্যান্য দলের সমর্থকরাও।

স্থানীয় বাসিন্দারা বলেন, ফুটবলকে ঘিরে গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খেলা এলেই সবাই একসঙ্গে বসে খেলা উপভোগ করেন। মেসির প্রতি ভালোবাসা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না রানী পাল বলেন, গ্রামবাসীর অনুরোধে বিদ্যালয়ের দেয়ালে রঙ করার অনুমতি দেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে।