দৈনিক খুলনা
The news is by your side.

কপোতাক্ষ নদে পড়ে শ্রমিকের মৃত্যু, ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

13

পাইকগাছা (খুলনা)  :
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে পড়ে গিয়ে দীপঙ্কর মন্ডল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় ১৯ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন স্টিমারঘাট এলাকায় পা ধোয়ার সময় খননকৃত কপোতাক্ষ নদে পড়ে যান দীপঙ্কর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত দীপঙ্কর উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপঙ্কর একজন শ্রমজীবী মানুষ ছিলেন। তিনি পুরাতন স্টিমারঘাট, বর্তমান বালুরঘাট এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি স্রোতের টানে তলিয়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর সোমবার দুপুরে কপোতাক্ষ নদের ভরভোরিয়া স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ও উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান শেষে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।