ত্রাণ তহবিলের নামে কাস্টমস গোডাউন থেকে কোটি টাকার পণ্য পাচার, আটক ৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে কোটি টাকার উচ্চ শুল্কের ভারতীয় পণ্য পাচারের চেষ্টার অভিযোগে এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন— বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), ট্রাকচালক মো. মহসিন আলী (৩৪) ও হেলপার মো. জাহিদ হাসান (২১)।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেনাপোল বাজার এলাকা থেকে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত পণ্যগুলো বিভিন্ন সময়ে সীমান্ত ও চেকপোস্টে জব্দ করা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসসহ অন্যান্য মালামাল, যা কাস্টমস গোডাউনে সংরক্ষিত ছিল। একটি সংঘবদ্ধ চক্র এসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে অবৈধভাবে বের করে পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানির সদস্যরা দুর্গাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করেন। পরে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পণ্যগুলো বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া মালামালের পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “বেনাপোল বিজিবি কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন ধরনের কসমেটিকস বোঝাই একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের তালিকা ও সিজার মূল্য নির্ধারণের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কাস্টমসের সংরক্ষিত জব্দকৃত পণ্য কীভাবে গোডাউন থেকে বের হলো এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ##