দৈনিক খুলনা
The news is by your side.

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

26

সাতক্ষীরা :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহাবুব হোসেন মিন্টু (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেলে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিন্টু পাটকেলঘাটা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাজার এলাকা থেকে মিন্টুকে আটক করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।