দৈনিক খুলনা
The news is by your side.

বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে কেশবপুর পৌরসভার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

31

যশোর:
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিনারুল ইসলাম এবং তৌফিক মহিউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী (সচিব) আবুল ফজল মো. এনামুল হক। এ সময় পৌর প্রকৌশলী আলী হায়দারসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। পরিচ্ছন্নতাকর্মীরাই নগর পরিচ্ছন্ন রাখার অগ্রসৈনিক। তাদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা উন্নয়নের মাধ্যমে পৌরসভার সেবার মান আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে কেশবপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পৌর সচিব আবুল ফজল মো. এনামুল হক বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভ এবং তা মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলাই পৌরসভার লক্ষ্য।

বিশেষ অতিথিরা নগর ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং নিরাপদ অপসারণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণে কেশবপুর পৌরসভার কনজারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বর্জ্য সংগ্রহ, পরিবহন, পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।