দৈনিক খুলনা
The news is by your side.

বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানে ফ্রিল্যান্সিং দক্ষতা গড়ে তুলতে কেশবপুরে ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

25

যশোর :
তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোরের কেশবপুরে পাঁচ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হলো ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা খাত। সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। বেকারত্ব নিরসনে প্রচলিত চাকরির পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের দিকে তরুণদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং এমন একটি ক্ষেত্র, যেখানে মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কাজ করার সুযোগ রয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন, ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।