দৈনিক খুলনা
The news is by your side.

হাসপাতাল চালু ও ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

23

সুনামগঞ্জ :

হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার (২২ জুন) সকালে শিক্ষার্থীরা প্রথমে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-মদনপুর পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফিরে আন্দোলন অব্যাহত রাখেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, মো. শাহপরান এবং শামসিয়া তাব্বাসুম মাইসাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতাল চালু এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে তারা গত বছরের এপ্রিল মাসেও আন্দোলন করেছিলেন। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখনো হাসপাতাল চালু হয়নি। পাশাপাশি একাডেমিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে এবং প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাসেরও ঘাটতি রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, চিকিৎসা শিক্ষার মান নিশ্চিত করতে দ্রুত হাসপাতাল চালু, নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।