দৈনিক খুলনা
The news is by your side.

রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলী টানেলে রাতে যান চলাচলে নিয়ন্ত্রণ

128

চট্টগ্রাম :
নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতের সময়ে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ও চালকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে।