দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক উজ্জল

22

সাতক্ষীরা :
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে সুজনের উদ্যোগে আয়োজিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি ঘোষণা করা হয়।

সুজনের সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু।

সভায় বক্তব্য দেন সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব ও সলুদা বেগমসহ অন্যান্যরা।

সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধু জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বরের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি পুনর্গঠন, সদস্য সংগ্রহ অভিযান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ নভেম্বর বিশেষ কর্মসূচি পালনের পরিকল্পনাও গ্রহণ করা হয়।

নবগঠিত কমিটিতে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী ও ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।