পাইকগাছায় এক নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার বেতবুনিয়া পতন আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাঁথী আক্তার ও ইব্রাহীম সানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে গিয়ে ইভটিজিংয়ের শিকার হলে প্রতিবাদ করেন ইব্রাহীম সানা। এ সময় অভিযুক্ত আল-আমিন সরদার ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাদের আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
সাঁথী আক্তার দাবি করেন, আল-আমিন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আল-আমিন বলেন, পুকুরসংক্রান্ত বিরোধের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, অভিযোগ তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।