বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারী জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে সুন্দরবনের জয়মনি এলাকার শেলা নদীর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বিকেলে সেলিনা বেগম আরও দুই নারী জেলেকে সঙ্গে নিয়ে নেট জাল দিয়ে শেলা নদীতে মাছের পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির নদী থেকে উঠে এসে তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়।
সহযাত্রী দুই নারী জেলে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নেট জালের সঙ্গে থাকা কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিলে তারা তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বন বিভাগ জানায়, সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ ধরা এবং পোনা সংগ্রহের সময় জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কুমিরপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।