দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে বাস মালিক সমিতির কোষাধ্যক্ষকে মারধর ও টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

25

মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির এক নেতাকে মারধর ও নগদ টাকা-মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমিতির নেতৃবৃন্দ।

লিখিত বিবৃতিতে জানানো হয়, গত ১৫ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর বাজার সংলগ্ন সি অ্যান্ড বি সড়কের পাশে অবস্থিত মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, খান শহিদুজ্জামান খান মিল্টন, মো. মিজানুর রহমান মিজান, মো. আসাদ মোল্লা, মো. মামুন শেখ, প্রসেনজিৎ দাস, মো. জাহিদসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি লোহার রড, হাতুড়ি ও ভারী লাঠিসোটা নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে। তারা খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সদস্য এবং মহিষপুরা-খুলনা আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ স্বপন কুমার দাসের ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার পকেটে থাকা নগদ ১৮ হাজার টাকা এবং প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নেতারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. মোকাম্মেল হোসেন, কার্যকরী সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি মো. সেলিম হোসেন মোড়ল ও অমরেশ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক মো. রবিউল করিম, যুগ্ম সম্পাদক মো. বাবুল হোসেন ও মো. ইয়াছিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিকু এবং প্রচার সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।