দৈনিক খুলনা
The news is by your side.

চট্টগ্রামের ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা, আহত শিশু

27

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুর নাম পিয়াস বড়ুয়া (৫)। তারা চেনামতি বড়ুয়া পাড়া বৌদ্ধবিহার মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কর্তা সুজন বড়ুয়া কর্মসূত্রে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। রাতে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতর থেকে প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত পিয়াসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। তিনি ধারণা করছেন, ওই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারীর নাম উল্লেখ করেছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।